
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরে তার সঙ্গে থাকবেন চার রাজনৈতিক নেতা। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সামনে দেশে চলমান সংস্কার কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরবেন। তার ভাষায়, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলমান থাকায় এই রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করা হয়েছে।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ একাধিক রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গেও তার বৈঠক নির্ধারিত রয়েছে।
অধিবেশনের অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আয়োজিত জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকেও অংশ নেবেন ড. ইউনূস।